আ লো স্পো র্ট স : বিশৃঙ্খলা দিয়ে শুরু হল ফেডারেশন কাপ
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নিয়মানুযায়ী ম্যাচ শুরুর ঘণ্টা দেড়েক আগে দলকে মাঠে উপস্থিত থাকতে হয়। ফেডারেশন কাপের উদ্বোধনী খেলা ছিল বসুন্ধরা কিংস ও স্বাধীনতা সংঘের মধ্যে।
সেই ম্যাচ খেলতে স্বাধীনতা সংঘ কমলাপুর স্টেডিয়ামে আসে নির্দিষ্ট সময় অনুযায়ী। তবে বসুন্ধরা কিংস খেলতে আসেনি। ক্লাব সূত্রে জানা যায়, বসুন্ধরা কিংস বাফুফেকে আগেই জানিয়েছিলো কমলাপুর স্টেডিয়ামের টার্ফে তারা খেলতে আগ্রহী নয়। তাছাড়া ফেডারেশন কাপের ফরম্যাটেও পরিবর্তন আনার দাবি ছিলো ক্লাবটির।
রেফারি নিয়মানুযায়ী মাঠে প্রবেশ করেন। নিয়মানুযায়ী স্বাধীনতা সংঘকে নিয়ে টস হয়। এরপর ১৫ মিনিট অপেক্ষা করার পর রেফারি শেষ বাঁশি বাজান। ১৫ মিনিট পর ম্যাচ কমিশনার রফিকুল আলম উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘আমরা নিয়ম মতো ১৫ মিনিট অপেক্ষা করেছি।
বসুন্ধরা কিংস মাঠে উপস্থিত না থাকায় ম্যাচ পরিচালনা সম্ভব হয়নি।’ সাধারণ দৃষ্টিতে এটি ওয়াকওভার হলেও এই ম্যাচের ভবিষ্যত বাফুফের হাতে বলছেন ম্যাচ কমিশনার, ‘রেফারিজ রিপোর্ট, ম্যাচ কমিশনার রিপোর্টে এটি উল্লেখ থাকবে। ম্যাচ নিয়ে সিদ্ধান্ত দেবে ডিসিপ্লিনারি কমিটি।’
যদিও এবারের ফেডারেশন কাপে না খেলার ঘোষণা দিয়েছে দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস। শুক্রবার বিষয়টি নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে কিংস কর্তৃপক্ষ। ক্লাবটির সভাপতি ইমরুল হাসান স্বাক্ষরিত চিঠিতে এবারের সূচির অসঙ্গতি এবং কমলাপুরের টার্ফের অবস্থা ‘পেশাদার ফুটবল খেলার জন্য উপযোগী নয়’ বলে উল্লেখ করা হয়েছে। চিঠিতে বসুন্ধরা কিংসের অভিযোগ, বাফুফের আগের দেওয়া সূচি থেকে নতুন সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
নতুন সূচিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে এ ও বি এবং সি ও ডি গ্রপের দলগুলোর মুখোমুখি হওয়ার বিষয়টি নিয়মের ‘মারাত্মক লঙ্ঘন’ হিসেবে চিহ্নিত করেছে কিংস। কিংস কর্তৃপক্ষ আরও বলেছে, কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামের টার্ফ পেশাদার পর্যায়ের ফুটবল খেলার উপযোগী নয়। ওই মাঠ যথেষ্ট মানসম্পন্নও নয়।
এর আগে বৃহস্পতিবার ফেডারেশন কাপের ২০২১ আসরের ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ে একই গ্রুপে পড়েছে বসুন্ধরা কিংস ও ১০ বারের শিরোপাজয়ী মোহামেডান স্পোর্টিং ক্লাব। উল্লেখ্য, এবারের আসরের চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা ও রানার্স আপ দল পাবে ৩ লাখ টাকা পুরস্কার। সূচি অনুযায়ী শনিবার ফেডারেশন কাপের এবারের আসর মাঠে গড়ানোর কথা ছিলো। গ্রুপ পর্ব শেষ হবে ৩০ ডিসেম্বর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ জানুয়ারি।
