আলো ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন রাষ্ট্রপতি। শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্যদিকে বর্তমানে মালদ্বীপ সফররত শেখ হাসিনা এক শোকবার্তায় নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের আশু আরোগ্য কামনা করেন।
শোকবার্তায় প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গতকাল শুক্রবার প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন।
অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ও নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মালদ্বীপ সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনা শুনে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে ও নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রীয় সফরে বিদেশে অবস্থান করেও এ বিষয়ে প্রধানমন্ত্রী প্রতিনিয়ত খোঁজখবর রাখছেন।
