আলো ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে দুই পাড়ায় সংঘর্ষ হয়েছে। এতে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
গতকাল শুক্রবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের সৈয়দটুলা গ্রামের খন্দকারপাড়া ও কুট্টাপাড়া গ্রামের জিনপাড়ার মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে থেকে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সকালে কুট্টাপাড়া গ্রামের খালি জমিতে খন্দকারপাড়া ও জিনপাড়ার কিশোরদের মধ্যে ক্রিকেট খেলা চলছিল। খেলার একপর্যায়ে দুইপক্ষের মধ্যে বিরোধ লাগে।
এ বিরোধকে কেন্দ্র করে জুমার নামাজের আগে খন্দকারপাড়ার কিশোররা জিনপাড়ার সজিব মিয়া (১৯) নামের এক তরুণকে মারধর করে। মাথায় গুরুতর আঘাত পান সজিব।
সজিবের ওপর হামলার খবরে দুই পাড়ার মাঝখানের জমিতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহত পুলিশ সদস্যরা হলেন-সরাইল থানার এসআই সাইফুল ইসলাম, সাইফুল ইসলাম নামের আরেক এসআই, কনস্টেবল জামাল উদ্দিন, আশরাফুল ইসলাম ও শাহিদুল ইসলাম।
আহত অন্যরা হলেন রাজন মিয়া (২৫), আমিনা বেগম (২৫), সজিব মিয়া ও আমির খন্দকার। তারা সবাই জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ওসি আসলাম হোসেন জানান, সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
