আলো ডেস্ক: এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের অব্যবস্থাপনা বন্ধসহ বিমানের টিকিটের মূল্য পুনর্বিবেচনা না করা হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ যুব অধিকার পরিষদ আয়োজিত মানববন্ধন থেকে এ হুঁশিয়ারি দেন নুর। প্রবাসীদের বিমানবন্দরে হয়রানী ও বিমানের টিকিট মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদের এ মানববন্ধনে আয়োজন করে সংগঠনটি। এক সপ্তাহের মধ্যে বিমানবন্দরের অব্যস্থাপনা বন্ধের দাবি জানিয়ে নুর বলেন, বিমানের টিকিটের মূল্য পুনর্বিবেচনা করতে হবে।
না হলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ঘেরাও করা হবে। যারা জনগণের জন্য কাজ করবে না, দায়িত্ব পালন করবে না তাদের প্রয়োজনে চেয়ার থেকে টেনে হিঁচড়ে নামানো হবে। নুর বলেন, যারা প্রবাসে থেকে দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন, তারা বিদেশে মিশনগুলো থেকে সহযোগিতা পাচ্ছেন না।
দেশের সরকারি প্রতিষ্ঠান প্রবাসীদের কান্না শোনেন না। দেশের এজেন্সি-গুলো এক টাকার জায়গায় তাদের কাছ থেকে পাঁচ টাকা নিচ্ছে। ভোগান্তির মধ্য দিয়ে প্রবাস জীবন কাটাচ্ছেন তারা। তিনি বলেন, দেশটা নৈরাজ্যের মধ্য দিয়ে চলছে। লুটেরা, দুর্বৃত্তদের হাতে এ দেশের ক্ষমতা ঘুরপাক খেয়েছে। রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন হয়েছে এ দেশে।
নুর বলেন, রাস্তার চাঁদাবাজ ফুটপাত থেকে উঠে এসে এদেশে রাজনীতি করছে। তারা ঢাকা শহরে থেকে গ্রামাঞ্চলে কোটি টাকার বাড়িঘর বানাচ্ছে। নুর বলেন, লুটেরা আর দুর্বৃত্তের হাতে এদেশের ক্ষমতা বারবার ঘুরপাক খেয়েছে, রাজনীতির নামে অপরাজনীতির দুর্বৃত্তায়ন হয়েছে। রাস্তা থেকে উঠে এসে রাজনীতি করে অনেকে কোটিপতি হয়েছে।
তিনি বলেন, আজ নৈরাজ্যের মধ্য দিয়েই স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন হচ্ছে। আপনারা কি এমন পাঁচটি বছরের কথা বলতে পারবেন, যে সময়ে দেশের নাগরিকরা সম্মান নিয়ে বেঁচে থাকতে পেরেছে, নাগরিক অধিকার ভোগ করতে পেরেছে? তিনি আরও বলেন, সরকারি হাসপাতালগুলোতে সেবা পেতে মানুষকে পথে পথে ভোগান্তির শিকার হতে হয়।
এর কোনো পরিবর্তন ঘটছে? দীর্ঘদিন ধরে আমরা একই চিত্র দেখে আসছি। তাই আজ আমাদের কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে। যে যেখানে আছেন সেখানে থেকেই অন্যায়ের প্রতিবাদ করতে হবে। অন্যথায় প্রতিরোধ সম্ভব হবে না। ডাকসুর সাবেক এ ভিপি বলেন, কক্সবাজারের মত ট্যুরিস্ট এলাকায় স্বামীর সামনে থেকে স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ঠাকুরগাঁয়ের একটা ছেলেকে পরশু দিন হত্যা করেছে ছাত্রলীগ। লজ্জার বিষয় হলো, সেই হত্যার প্রতিবাদ করতে গেলে পুলিশ প্রতিবাদকারীদের বাধা দিয়েছে। এটি শুধু বিরোধী দলের ওপর হচ্ছে ব্যাপারটা এমন নয়।
এখন সবার ওপরে এমন নৈরাজ্য চালানো হচ্ছে। এ নৈরাজ্য থেকে সহজ কোনো পরিত্রাণ নাই। নূর বলেন, রাজপথে রক্ত দেওয়া ছাড়া, রক্তক্ষয়ী সংঘর্ষ ছাড়া কোন শান্তিপূর্ণ পরিত্রাণ পাওয়া যাবে না। এরা সব পথ বন্ধ করে জোর করে ক্ষমতায় আছে। কাজেই আমরা যদি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, আমাদের রাজপথে রক্ত দেওয়া ছাড়া বিকল্প নাই।
তিনি বলেন, সুশাসন ছাড়া নৈরাজ্য বন্ধ হবে না। সুশাসন থাকবে কি করে! গণতন্ত্র না থাকলে সুশাসন থাকার কথা নয়। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সরকার পরিবর্তনে তত্ত্বাবধায়ক সরকারের নিয়ম ফিরিয়ে আনতে হবে।
নুরুল হক নুর বলেন, জনগণের ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের যে বিধি-ব্যবস্থা ছিলো, সেই তত্তাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে হবে। দলীয় সরকারের অধীনে নির্বাচন সম্ভব নয়।
এরা যতদিন থাকবে ততদিন ছাত্র-শিক্ষক-প্রবাসী কেউ রেহাই পাবে না। মানববন্ধনে যুব অধিকার পরিষদ নেতারা উপস্থিত ছিলেন।
