আলো ডেস্ক: যাদের আমলাতন্ত্রের দায়িত্ব দেওয়া হয় তারা যদি দলীয়করণকে পাশ কাটিয়ে কাজ করে তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সেক্ষেত্রে আর সার্চ কমিটির প্রয়োজন হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক সাগর-রুনী মিলনায়তনে বাংলাদেশ নাগরিক জোট (বিএনজে) আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ‘বিজয়ের ৫০ বছরে প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী রেজাউল হোসেন বলেন, জনগণকে বুঝাতে হবে ভোট হচ্ছে তাদের নাগরিক অধিকার। আর এটা বুঝাতে পারবে একমাত্র নির্বাচন কমিশন, তাহলে মানুষের ভোটের প্রতি আগ্রহ বাড়বে ও সুষ্ঠু নির্বাচন আশা করা যাবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ আজ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ পালন করছে কিন্তু দুঃখের বিষয় বাংলাদেশের স্বাধীনতার যে লক্ষ্য-উদ্দেশ্য ছিল জাঁতি তা ভোগ করতে পারেনি।
বাংলাদেশের রাজনীতির শিষ্টাচার আজ শূন্য হতে চলছে। বাংলাদেশ নাগরিক জোট গণতন্ত্রের চর্চা করে এগিয়ে যাচ্ছে। আমরা গণতন্ত্রমনা সব দলের সঙ্গে একমত পোষণ করে নতুন প্রজন্মের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
সভার সভাপতি এইচ সিদ্দিকুর রহমান খোরশেদ বলেন, জাতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করলেও দেশের মানুষের কপালে স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়নি। মানুষের অধিকার পথে পথে হোঁচট খেয়ে চলছে।
রাজনীতিতে মতপার্থক্য থাকতেই পারে কিন্তু স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিকৃত করে কোনো অপ্রচার ও অপচেষ্টা নতুন প্রজন্ম মেনে নেবে না। নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জেনে তাদের দেশের ইতিহাস চর্চা করে জাতির কাক্সিক্ষত ও প্রত্যাশা পূরণ করবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে তুলে দিয়েছেন বটে কিন্তু সেটা সাধারণ নাগরিকদের নাগালের বাহিরে। বাংলাদেশে রাজনৈতিক শিষ্টাচার আজ প্রায় শেষ।
৫০ বছরের বাংলাদেশের ইতিহাসে রাজনীতি নামে লুটপাট করে দেশের সম্পদ বিদেশের মাটিতে পাচার করে দেশের সিংহভাগ নেতা আয়েশি জীবনযাপন করছে।
বিএনজে চেয়ারম্যান এইচ সিদ্দিকুর রহমান খোরশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কংগ্রেস চেয়ারম্যান অ্যাড. কাজী রেজাউল হোসেন।
এ ছাড়া অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, অ্যাড. মো. ইয়ারুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ইকবাল হোসেন, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিএনজের উপদেষ্টা কমিটি সদস্য অ্যাড. গিয়াস উদ্দিন হাওলাদার, পিপলস গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহম্মেদ খান প্রমুখ।
