আলো ডেস্ক: প্যানেলভিত্তিক নিয়োগ চেয়ে তিন দফা দাবি জানিয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিবন্ধিত সনদধারীদের একটি সংগঠন। দাবি আদায় না হলে আমরণ কর্মসূচির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। গতকাল শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি।
সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আমির হোসেন লিখিত বক্তব্যে বলেন, শিক্ষক নিবন্ধন সনদ, চাকরির সনদ, অ্যাকাডেমিক সনদ নয়; শিক্ষকতা ছাড়া এ সনদ কোনো কাজে আসবে না। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে অর্জিত শিক্ষক হওয়ার যোগ্যতা সনদ- শিক্ষক নিবন্ধন সনদ।
তাই সনদ যার চাকরি তার। সরকারের ভাবমূর্তি সমুন্নত রাখতে মুজিববর্ষের উপহারস্বরূপ একটি বিশেষ বিজ্ঞপ্তি পারে এক আবেদনের ভিত্তিতে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে শিক্ষক সমাজকে অভিশাপমুক্ত করতে।
কৃত্রিম শিক্ষক সংকট এবং এনটিআরসির নিবন্ধিত শিক্ষকদের নিয়োগ জটিলতা দূর করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্যানেলভিত্তিক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, নিবন্ধন পরীক্ষায় আমরা যারা পাস করে সনদ পেয়েছি, তারা সবাই চাকরি পাওয়ার যোগ্য। কিন্তু দুঃখের বিষয় ষোলটি নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের জন্য মাত্র তিনটি গণবিজ্ঞপ্তি দিতে সক্ষম হয়েছে এনটিআরসিএ। কিন্তু সেখানেও রয়েছে বিভিন্ন ধরনের অনিয়ম ও অস্বচ্ছতা।
আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে এনটিআরসিএর দ্বারে দ্বারে ঘুরেছি। এনটিআরসিএ আমাদের অনেক আইন-কানুন দেখিয়েছে, কিন্তু যখন আমরা পরিপত্র দেখিয়েছি তখন তারা এ ব্যাপারে আর কথা বলতে রাজি হয়নি। তখন তারা বলেছে, আমরা ছোট কর্মকর্তা আপনারা শিক্ষা মন্ত্রণালয়ে যান।
আমির হোসেন বলেন, আমরা এনটিআরসিএ চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছি, মাউশির মহাপরিচালকের সঙ্গে দেখা করে স্মারকলিপি দিয়েছি। শিক্ষামন্ত্রী দীপু মনি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি দিয়েছি কিন্তু তাদের কাছ থেকে কোনো জবাব না পাইনি।
বেকারত্বের অভিশপ্ত জীবন থেকে রক্ষা পেতে আমরা তিন দফা দাবি তুলে ধরছি-
১. এনটিআরসিএর নিবন্ধিত সনদধারীদের প্যানেলভিত্তিক নিয়োগ চাই।
২. সনদধারী চাকরিপ্রত্যাশীদের নিয়োগ না দেওয়া পর্যন্ত নিবন্ধন পরীক্ষা নেওয়া যাবে না।
৩. এক আবেদনে প্যানেলভিত্তিক নিয়োগ দিতে হবে এবং ইনডেক্সধারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না।
এসব দাবি না মানলে পরবর্তীতে আরও কর্মসূচি ও আমরণ অনশন কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে নিবন্ধন পরীক্ষার মাধ্যমে চাকরির সনদ পাওয়া শিক্ষকতার চাকরি প্রত্যাশী এই সংগঠনটি।
