আলো ডেস্ক: কিউলেক্স মশার প্রকোপ নিয়ন্ত্রণে বিশেষ মশক নিধন অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শুক্র ও শনিবার বাদে মোট ছয় দিনব্যাপী বিশেষ মশক নিধন অভিযান চলবে।
গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর রূপনগর এলাকায় বিশেষ এই অভিযানের উদ্বোধন করেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র বলেন, কারও একার পক্ষেই মশা দূর করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার বংশবিস্তার রোধ করতে হবে।
তবে ডিএনসিসির কারও বিরুদ্ধে মশক নিধনে দায়িত্বে অবহেলার প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, ক্ষমতাকে ভোগ করার জন্য নয়, নগরপিতা হিসেবেও নয়, নগরবাসীর সেবক হিসেবেই কাজ করে যেতে চান।
তাই স্থানীয় কাউন্সিলরসহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীকেও নিজের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএনসিসি মেয়র বলেন, ইতোমধ্যে চিহ্নিত কিউলেক্স মশার ৯২৫টি হটস্পটের উল্লেখযোগ্য সংখ্যকই ডিএনসিসি বহির্ভূূত।
ওইসব জায়গা ও স্থাপনা রাজউক ও পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সংস্থা ও দপ্তরের আওতাভুক্ত হওয়ায় মশক নিধনে তাদের এগিয়ে আসতে হবে। এ সময় তিনি সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত কিংবা ব্যক্তিগত সবাইকেই মশক নিধনে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় কাউন্সিলর মো. তফাজ্জল হোসেন টেনু উপস্থিত ছিলেন।
