আলো ডেস্ক: মাদারীপুরের শিবচরে মানবপাচারকারী এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে সাভার থেকে আনা এক ভিকটিমকে (২০) উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আটকদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) আমির হোসেন সেরিনিয়াবাদ জানান, গত বুধবার গভীর রাতে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশের একটি টিম কুতুবপুরের বড় কেশবপুর এলাকার শফি ফকিরের বাড়িতে অভিযান চালায়। সেখানে সাভার থেকে আনা ভিকটিমকে দুই মানবপাচারকারী আটকে রাখে।
পরে পুলিশ অভিযান চালিয়ে শফি ফকিরের মেয়ে হাফিজা আক্তার ওরফে শুভতারা (২০) ও তার স্বামী ভারতীয় নাগরিক মানিক চৌধুরীকে (২৮) গ্রেপ্তার করে। পাচারকারীরা ভিকটিমকে একটি ঘরে আটকে রাখে। পুলিশ ওই ঘর থেকে তাকে উদ্ধার করে শিবচর থানায় নিয়ে যায়। গ্রেপ্তার মানিক চৌধুরী কলকাতার বনগাঁও গ্রামের বিরেন বিশ্বাসের ছেলে।
তিনি হিন্দু সম্প্রদায়ের লোক বলে পুলিশ জানায়। ফেসবুকে পরিচয়ের সূত্র থেকে দুই বছর আগে তাদের বিয়ে হয় বলে গ্রেপ্তার মানিক চৌধুরী ও হাফিজা স্বীকার করেছেন।
উদ্ধারকৃত নারীর স্বামী দিনমজুর। সাভারে বাসবাস করেন তারা। তিনি বলেন, গার্মেন্টসে বেশি বেতনে চাকরি দেওয়ার কথা বলে তারা আমাকে মাদারীপুরের শিবচরের কুতুবপুরে নিয়ে এসেছে।
আমাকে উত্তরা না নিয়ে এখানে আনার কারণ জানতে চাইলে টালবাহানা করে। আমার কাছে তাদের উদ্দেশ্য খারাপ মনে হয়। তখন আমি লুকিয়ে ৯৯৯-এ ফোন দিয়ে অভিযোগ করি।
পুলিশ এসে আমাকে উদ্ধার করে। শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন জানান, গ্রেপ্তার মানিক চৌধুরী বিনা পাসপোর্টে মাঝেমধ্যেই অবৈধ পথে বাংলাদেশে আসেন। বিগত ৬ মাসে তিনি ৫ বার এদেশে এসেছেন। এ ব্যাপারে শিবচর থানায় মানবপাচার আইনে একটি মামলা করা হয়েছে।
