আলো ডেস্ক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আপনি আওয়ামী লীগ করেন, বঙ্গবন্ধুর কথা বলেন, জয় বাংলার কথা বলেন। কিন্তু আপনার ছেলে, ভাই, আত্মীয় কিংবা প্রতিবেশী জয় বাংলার কথা বলবে না, এটা আমাদের জন্য লজ্জাজনক। সবাইকেই জয় বাংলার কথা বলতে হবে। আমাদের সচেতন হতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর শহীদ মতিউর রহমান পার্কে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এতে ঢাকা দক্ষিণ সিটিতে বসবাসরত মুক্তিযোদ্ধা ও এ অঞ্চলে যুদ্ধে শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধস নেমেছিল। পাকিস্তান একটি অকার্যকর দেশ। তাই তারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করার জন্যই দেশে ধর্ম নিয়ে রাজনীতিতে এখনও ইন্ধন দিয়ে যাচ্ছে। বাংলাদেশে আওয়ামী লীগ ক্ষমতায় মাত্র ২১ বছর। অন্যান্য দল ২৯ বছর ক্ষমতায় ছিল।
তারা কতটুকু উন্নয়ন করতে পেরেছে? তিনি বলেন, আজ শেখ হাসিনা জেগে থাকেন বলেই, আমরা শান্তিতে ঘুমাতে পারি। বঙ্গবন্ধু নেই, কিন্তু তিনি আমাদের মধ্যেই আছেন। জীবিত বঙ্গবন্ধুর চাইতে মৃত বঙ্গবন্ধু আরও শক্তিশালী। তিনি আমাদের সবার মধ্যেই আছেন। মোজাম্মেল হক বলেন, বঙ্গবন্ধু যখন বুঝতে পেরেছিলেন, পাকিস্তানিরা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না। অতএব আমাদের সংগ্রাম করে, যুদ্ধ করেই ক্ষমতা নিতে হবে। স্বাধীনতা অর্জন করতে হবে।
আমাদের পক্ষে সে সময়ে বিশ্বব্যাপী জনমত তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধের ডাক দেন। আমরা ৯ মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছিলাম। কিন্তু ১৬ ডিসেম্বরও আমরা পূর্ণ বিজয় ও স্বাধীনতা পাইনি। কারণ, তখনও বঙ্গবন্ধু দেশে ফেরেননি। জাতির পিতা দেশে ফেরার পরেই আমরা পরিপূর্ণ বিজয় পেয়েছিলাম।
মন্ত্রী আরও বলেন, যে আমেরিকা আমাদের হেয় করেছিল, সেই দেশের প্রেসিডেন্ট বারাক ওবামা নিজেই কেনিয়া গিয়ে বলেছিলেন, ‘ফলো শেখ হাসিনা, ফলো বাংলাদেশ। আমরা তার নেতৃত্বেই ২৬টি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছি। অন্য যারা ক্ষমতায় ছিল, তারা কী করেছে। চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। তারা এতিমের টাকা মেরে খেয়েছে।
এটা আমার কথা নয়, এটা আদালতের কথা। যারা এতিমের টাকা মেরে খায়, তারাই দেশটাকে লুটেপুটে খায়। তারাই আজ আমাদের জাতীয় পতাকাকে খামচে ধরছে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তরিত করবো। শেখ হাসিনা আমাদের জন্য কী না করেছেন। বীর মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে শতভাগ চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়ে তিনি বলেন, তাদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য আমাদের এগ্রিমেন্ট হয়ে গেছে।
আগামী জানুয়ারি থেকে এটা কার্যকর হবে। জেলা, উপজেলাসহ দেশের সব স্থানে বীর মুক্তিযোদ্ধারা বিনামূলে শতভাগ চিকিৎসাসেবা পাবেন। সেখানে চিকিৎসা, ওষুধ, টেস্ট, এক্স-রেসহ যা যা প্রয়োজন, তার সবই বিনামূল্যে দেওয়া হবে। আ ক ম মোজাম্মেল হক বলেন, বীর মুক্তিযোদ্ধারা ২০ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন। এ ছাড়া ঘর করে দেওয়া হবে হবে বীর মুক্তিযোদ্ধাদের। আমরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট স্থান মুক্তিযুদ্ধের সূতিকাগার হিসেবে সংরক্ষণ করতে চাই।
যেখানে মানুষ গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারবে। সে সময়কার নানান ছবি থাকবে। এ ছাড়া মুক্তিযুদ্ধের সময় যেসব স্থানে যুদ্ধ হয়েছিল সেসব আমরা সংরক্ষণ করছি। বধ্যভূমিগুলোও আমরা সরক্ষণ করছি। এ ছাড়া যদি কোনও মুক্তিযোদ্ধা মারা যান, তার একই রকম ডিজানের কবরে সমাহিত করা হবে; যেন ৫০ বছর পরও একটি কবর দেখে বোঝা যায় এটি একজন বীর মুক্তিযোদ্ধার কবর।
তিনি বলেন, যারা ক্ষমতায় থাকাকালীন চারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে পারে, যাদের হাতে এতিমের টাকাও নিরাপদ নয়; তাদের কাছে জনগণের টাকা, রাষ্ট্রের সম্পদ কোনোভাবেই নিরাপদ থাকতে পারে না। সেই অপশক্তি আবার আমাদের পতকাকে খাঁমচে ধরতে চায়। তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমারা তো তারাই, যারা বঙ্গবন্ধুর ডাকে দেশকে স্বাধীন করতে নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধে গিয়ে দেশকে স্বাধীন করেছি।
তাই আমরা বেঁচে থাকতে ওই অপশক্তি আবার দেশের পতাকাকে খাঁমচে ধরবে, দেশকে অকার্যকর, ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবে-এটা হতে পারে না। দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে সংবর্ধনা-সম্মাননা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া প্রমুখ।
