আলো ডেস্ক: চট্টগ্রাম: নগরের কাজীর দেউড়িতে বিএনপির কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি উপজেলা বিএনপি’র নাসিমন ভবনে এ ঘটনা ঘটে। আহতরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও নগরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র প্রতিনিধি সম্মেলনে উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সরোয়ার আলমগীর গ্রুপের সদস্যদের নিয়ে সম্মেলন চলছিল।
কিন্তু ওই কমিটির আরেক সদস্য আজিম উল্লাহ বাহার গ্রুপের সদস্যদের সম্মেলনে দাওয়াত না দেওয়ায় এ ঘটনা ঘটে। প্রথমে সরোয়ার আলমগীর ও আজিম উল্লাহ বাহার গ্রুপের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়।
পরে চেয়ার মারামারি ও দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ২০ জন আহত হয়েছে। তারা বিভিন্ন হাসাপাতালে চিকিৎসা নিচ্ছে। কোতোয়ালী থানার ওসি মো. নেজাম উদ্দীন বলেন, ফটিকছড়ি উপজেলা বিএনপি’র দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে কয়েকজন আহত হয়েছে শুনেছি। আমরা কোনো অভিযোগ পায়নি, অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিব।
