আলো ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে আজ রোববার বিজয় শোভাযাত্রা করবে বিএনপি। রোববার দুপুর ২টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু হবে এ শোভাযাত্রা।
গতকাল শনিবার বিকেলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। রিজভী বলেন, বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রোববার দুপুর ২টায় নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় শোভাযাত্রা শুরু হবে।
বিজয় শোভাযাত্রা সফল করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করেন তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ প্রমুখ।
