আলো ডেস্ক: ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও ফ্রন্টলাইনারদের মধ্যে যাদের অন্তত ছয় মাস আগে করোনার দ্বিতীয় ডোজের টিকা সম্পন্ন হয়েছে তাদের বুস্টার ডোজ দেওয়া যেতে পারে বলে জানিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটি।
শনিবার রাতে ভার্চুয়ালি কমিটির ৪৯তম সভায় এ পরামর্শ দেওয়া হয়। পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লার সভাপতিত্বে সভায় করোনা পরিস্থিতি ও বুস্টার ডোজ প্রদানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়।
সভা শেষে অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা জানান, দেশে বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সদস্যদের মতামত জানতে চেয়েছেন। উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে ষাটোর্ধ্ব জনগোষ্ঠী ও ফ্রন্টলাইনার যাদের দ্বিতীয় ডোজ করোনার টিকা অন্তত ছয় মাস আগে সম্পন্ন হয়েছে তা বুস্টার ডোজ দেয়া যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন।
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন বাংলাদেশের শনাক্ত হওয়ায় কমিটি গভীর উদ্বেগ প্রকাশ করে। অমিক্রনের সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম সীমিতকরণ এবং অতীব প্রয়োজন ছাড়া অফলাইনে সভা পরিহার করে অনলাইনে সব আয়োজনের সুপারিশ করা হয়। এ ছাড়া দেশের সকল পয়েন্ট অফ এন্ট্রি তে স্ক্রিনিং, কোয়ারেন্টাইন এবং আইসোলেশন আরও জোরদার করার সুপারিশ করা হয়।
