আলো স্পোর্টস : কোহলির প্রশংসায় রোহিত
টি-টোয়েন্টির পর সদ্যই স্থায়ীভাবে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। দলের দায়িত্ব পেয়েই উত্তরসুরি কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন। অধিনায়ক হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটে দেওয়া রোহিতের প্রথম সাক্ষাৎকারে ফুটে উঠেছে সাবেক নেতা কোহলির প্রতি শ্রদ্ধা-ভালোবাসা।
কোহলির আক্রমণাত্মক মনোভাব তার খুবই পছন্দ। রোহিত বলেন, ‘পাঁচ বছর ধরে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলি। যত বার মাঠে নেমেছি, সেটাই দেখেছি। প্রতিটা ম্যাচ সে জিততে চাইত। ম্যাচ জিততে মরিয়া হয়ে থাকত। দলের সবার মনে সেই বার্তাটা গেঁথে দিতে পারত। তার নেতৃত্বে খেলাটা দারুণ উপভোগ করেছি।
দীর্ঘদিন ধরে কোহলির সাথে খেলছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি এবং ভবিষ্যতেও করব। অধিনায়কত্ব না থাকলেও দলের সেরা ক্রিকেটার কোহলির কাছ থেকে আক্রমণাত্মক মনোভাবই চান রোহিত। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা সকলেই কোহলির আক্রমণাত্মক মনোভাব দেখেছি। ভবিষ্যতেও সেই মনোভাবটা অব্যাহত থাকবে বলে আশা করি।
সে দলের সেরা খেলোয়াড়। তার কাছ থেকে দল আরও বেশি পারফরমেন্স আশা করে।’ ভারতের অধিনায়কত্ব পেয়ে নিজেকে সম্মানিত মনে করছেন রোহিত, ‘এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং সম্মানিত। একটা বিশাল দয়িত্ব আমাকে দেওয়া হয়েছে। এই দায়িত্ব পেয়ে আমি খুবই খুশি। সাদা বলের ক্রিকেটে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমি মুখিয়ে আছি।
ভারতের হয়ে খেলা মানে বড় চাপ সামলাতেই হবে- এটা তো জানা কথা। চাপ সব সময় থাকবে। তবে আমাদের মূল কাজ নিজেদের কাজটা ঠিকভাবে করা। সেই কাজটা হল মাঠে নেমে ম্যাচটা জেতা।’
বাইরের আলোচনা নিয়ে মাথা ঘামাতে চান না রোহিত। তিনি বলেন, ‘শুধু অধিনায়ক নয়, ক্রিকেটার হিসেবেও আমি একটা কথা বিশ্বাস করি। বাইরে অনেক আলোচনা চলে, কথা হয়। কিন্তু আমাদের সে সব নিয়ে মাথা ঘামালে চলবে না।
বিষয়গুলো আমাদের হাতে থাকে না। আমার লক্ষ্য থাকে সব কিছু দূরে সরিয়ে রেখে নিজের কাজটা করে যাওয়া। আমি এই বার্তাটাই দলকে দিয়েছি। আমরা যখন খুব বড় প্রতিযোগিতায় খেলতে যাব, তখন অনেক কথাবার্তা হবে, অনেক আলোচনা হবে। সে সব মাথায় রাখলে চলবে না।
