রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা সংক্রমণে এক নারীর মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকাল ৯টা থেকে গতকাল রোববার সকাল ৯টার মধ্যে মারা যান তিনি।
মারা যাওয়া ওই নারী চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা। করোনা সংক্রমণ নিয়ে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে ভর্তি ছিলেন তিনি।
গতকাল রোববার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন নারী মারা গেছেন। তার বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে। করোনা সংক্রমণ নিয়ে তিনি হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়েছে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৯ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২৫ জন। বর্তমানে রাজশাহীর ৯ জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর চারজন, নাটোরের একজন এবং পাবনার তিনজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ছয়জন।
করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন চারজন। করোনা ধরা পড়েনি ভর্তি ৯ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন একজন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন সাতজন রোগী।
এর আগে শনিবার রামেক হাসপাতাল ল্যাবে ৮৯ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে চারজনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ২৮৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে।
এতে রাজশাহীর দুইজন ও জয়পুরহাটের একজনের নমুনায় করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে এই দুই জেলায় করোনা সংক্রমণের হার যথাক্রমে ১ দশমিক ৭০ ও ৫ দশমিক ২৫ শতাংশ।
