আলো স্পোর্টস : এবার আর্জেন্টিনা থেকে স্ট্রাইকার আনবে বার্সা
স্প্যানিশ ক্লাব বার্সেলোনার খুবই বাজে সময় পার করছে। জাভি হার্নান্দেজকে কোচ বানালেও বার্সার সেই চিরচেনা রূপটা দেখা যাচ্ছে না। এরই চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে তারা।
সবমিলিয়ে হযবরল অবস্থা কাতালান ক্লাবটির। বার্সার এই দুরবস্থার পেছনে দায় আছে দলটির আক্রমণভাগের। ফরোয়ার্ডরা যেন গোল করতেই ভুলে গেছে। এবারের ইউরোপ সেরার আসরের ছয় ম্যাচে মাত্র দুইটি গোল করেছে দলের ফুটবলাররা।
আক্রমণভাগের এই সমস্যার সমাধান পেতেই বার্সা বস জাভি হার্নান্দেজ এবার দলে পেতে চান রিভারপ্লেটের আর্জেন্টাইন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজকে।
২১ বছর বয়সী এই ফরোয়ার্ডকে পেতে আগামী সোমবারই রিভারপ্লেট সভাপতির সঙ্গে দেখা করবেন বার্সার প্রতিনিধিরা। লুইস সুয়ারেজের পর লিওনেল মেসিকেও ছেড়ে দিয়ে বার্সা রীতিমতো গোলখরাতেই পড়ে গেছে।
সে সমস্যা সমাধানেই হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছে তারা। কোচ জাভির ভাবনায় আরেক বিকল্প হিসেবে ছিলেন লিওনেল মেসির স্বদেশী এবং কোপাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য আলভারেজ।
স্প্যানিশ সংবাদ মাধ্যমের খবর, বার্সেলোনার গোল-সমস্যার সমাধান হতে পারেন আর্জেন্টাইন এই স্ট্রাইকার, এমনটাই ভাবছেন জাভি। কোচের এমন ভাবনাকে দারুণ গুরুত্ব দিয়ে দেখছে দল।
চলতি মৌসুমেও দুর্দান্ত ফর্মে আছেন আলভারেজ। লিগে ২০ ম্যাচ খেলে করেছেন ১৭টি, করিয়েছেন আরো নয়টি। লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে এমন একজনের খোঁজই তো করছিল বার্সা, যিনি গোল করবেন, করাতেও পারবেন সমানতালে।
তার রিলিজ ক্লজও আছে বার্সার নাগালেই। খেলোয়াড়কে রাজি করিয়ে ২৫ মিলিয়ন ইউরো খরচ করলেই আলভারেজকে পেয়ে যাবে বার্সা।
