আলো ডেস্ক: ‘রাষ্ট্রবিরোধী অপপ্রচারের’ সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর স্বামীবাগের এক বাড়ি থেকে পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্বামীবাগের মিতালী স্কুলের গলিতে ওই বাড়িতে অভিযান চালানো হয় বলে গতকাল শুক্রবার কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
গ্রেপ্তাররা হলেন: মো. আব্দুল্লাহ আল মাহমুদ (২৯), মো. ওয়ায়েজ কুরুনী (২৭), মো. তাওহীদুল ইসলাম (২৬), মো. গাজী সাখাওয়াত (২৯) ও মো. হাবিবুর রহমান (৩০)। র্যাব কর্মকর্তা মঈন সংবাদ সম্মেলনে বলেন, ওই পাঁচ তরুণ অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে রাষ্ট্রবিরোধী, রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন সংবেদনশীল মিথ্যা ও অতিরিঞ্জিত তথ্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে রাষ্ট্রবিরোধী অপপ্রচার চালাচ্ছিল।
তাদের কাছে ল্যাপটপ এবং বিভিন্ন ‘দেশিবিরোধী ও উসকানিমূলক’ লিফলেট জব্দ করার কথাও সংবাদ সম্মেলনে বলা হয়। মঈন বলেন, তারা বিভিন্ন মাধ্যমে দেশের বাইরে ‘মিথ্যা তথ্য প্রদান এবং অপপ্রচার চালিয়ে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ’ করার চেষ্টা করে আসছিল।
“জিজ্ঞাসাবাদে তারা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন নামে ক্লোজড গ্রুপ তৈরি করে তারা রাষ্ট্রবিরোধী গুজব সৃষ্টির পরিকল্পনা করত। আইন শৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের কার্যক্রমকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করে ভার্চুয়াল জগতে প্রচারের ব্যব্স্থা করত।
এছাড়া বিভিন্ন অডিও-ভিডিও থেকে ‘এডিট করে কন্টেন্ট তৈরি করে’ এবং তা প্রচার করে তারা দেশে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টায়’ লিপ্ত ছিল বলে র্যাবের ভাষ্য। কমান্ডার মঈন বলেন, আব্দুল্লাহ আল মাহমুদ ও তাওহীদুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় নাশকতা, সন্ত্রাস বিরোধী ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
