আলো ডেস্ক: অসুস্থ বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার অনুমতি না দেওয়াকে মানবাধিকার লঙ্ঘন বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। তাদের অভিযোগ, বিএনপি চেয়ারপারসনকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
রাজধানীতে আলাদা কর্মসূচিতে তারা এসব কথা বলেন। বেগম জিয়াকে বিদেশে যেতে না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। গতকাল শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এক মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিকদল। মানববন্ধন থেকে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার দাবি তোলেন নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া সব চেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন। তিনি বলেন, সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে খালেদা জিয়াকে চিকিৎসা করতে বিদেশে যেতে না দেওয়া। উনি তিন বারের প্রধানমন্ত্রী।
তাকে সরাসরি ক্রসফায়ার না করে ভিন্নভাবে ক্রসফায়ারে হত্যা করছে সরকার।একই দিন বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলনের আরেকটি আলোচনায় অংশ নেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মানবাধিকার বিষয়ক আলোচনাসভা হলেও, সেখানেও বার বার উঠে আসে খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গ।
তাকে বিদেশে যেতে আইন নয়, সরকারই একমাত্র বাধা বলে অভিযোগ করেন গয়েশ্বর। তিনি বলেন, শেখ হাসিনার পতন আন্দোলন করলেই খালেদা জিয়া মুক্তি পাবে। ৪০১ ধারায় যেমন তিনি বিদেশে যেতে পারছেন না, আবার সেই একই ধারায় তিনি বিদেশ যেতেও পারবেন। খালেদা জিয়া আপিল করেছেন।
আপিলের রায় না দেখে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কেন? খালেদা জিয়া এমন কোনো অপরাধ করে নাই যে তাকে ক্ষমা চাইতে হবে। একদিকে, আন্দোলনে কথা বললেও, অন্যদিকে দিন দিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হচ্ছে জানিয়ে, বিএনপি নেতারা মানবিক দিক বিবেচনায় সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
