আলো স্পোর্টস : দেশের জন্য মরতেও রাজি তাসকিন
পাকিস্তানের কাছে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজে ধোলাই হয়ে রাতেই নিউজিল্যান্ডের উদ্দেশে বিমানে উঠেছিল টিম টাইগার। শুক্রবার সকালে তারা নিউজিল্যান্ডে পৌঁছেছে। শুরু হয়েছে ৭ দিনের কোয়ারেন্টিন।
এরপর সবাইকে করোনা পরীক্ষা দিতে হবে। ফলাফল নেগেটিভ হলে তবেই অনুশীলন শুরু হবে। নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটেই একটাও জয় পায়নি বাংলাদেশ।
টেস্টগুলোর বেশির ভাগই ইনিংস ব্যবধানে হেরেছে। পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি আর টেস্টে ধোলাই হয়ে এমনিতেই দল বিধ্বস্ত। তার ওপর নিউজিল্যান্ড সফরে নেই সাকিব আল হাসান। দলের কী অবস্থা হবে – তা ভেবেই অনেকে শিউরে উঠছেন।
নিউজিল্যান্ডের মাটিতে পা রেখে দেশের জন্য কিছু করার আশ্বাস দিলেন চোট কাটিয়ে ফেরা পেসার তাসকিন আহমেদ। ক্রাইস্টচার্চ থেকে বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তাসকিন বলেন, ‘ঢাকা থেকে আমরা এখন নিউজিল্যান্ডে এসে পৌঁছলাম। অনেক লম্বা ফ্লাইট ছিল। এখন আমাদের কোয়ারেন্টিন শুরু হবে।
সবাই সুস্থভাবে পৌঁছেছি। সাত দিন রুম কোয়ারেন্টিন হবে আমাদের এখন। কাজটা কঠিন হলেও দেশের জন্য আমরা সব কিছুই করতে প্রস্তুত। সবাই দোয়া করবেন, আমরা যেন নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলা উপহার দিতে পারি।
