আলো স্পোর্টস : শীঘ্রই হাসপাতাল ছাড়তে চান পেলে
পেলে হাসপাতালে ভর্তি হওয়ার পরদিন তার মেয়ে কেলি আশাবাদ ব্যক্ত করেন, আসছে বড়দিনের আগেই বাড়ি ফিরবেন ফুটবল কিংবদন্তি। পরে পেলে নিজেই বললেন, খুব শিগগির হাসপাতাল ছেড়ে যাবেন তিনি।
বৃহদান্ত্রের টিউমারের চিকিৎসার জন্য গত বুধবার সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ৮১ বছর বয়সী পেলে। ওইদিন হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে এবং ‘আগামী কয়েক দিনের’ মধ্যে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। পরদিন বৃহস্পতিবার কেলি তার বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লেখেন, দুই-তিন দিনের মধ্যে বাড়ি ফিরবেন তার বাবা।
এবার এক ইনস্টাগ্রাম পোস্টে নিজের শারীরিক অবস্থা জানালেন পেলে। “গত ৩০ সেপ্টেম্বরে হাসপাতাল ছাড়ার পর থেকে চিকিৎসার অংশ হিসেবে আমার কিছু কেমোথেরাপি চলছে। সেটারই ২০২১ সালের শেষ সেশনের জন্য এখন আমি আলবার্ট আইনস্টাইনে (হাসপাতালে) আছি।”
“আমি আপনাদের সঙ্গে এই অর্জন ভাগ করতে চেয়েছি। সর্বোপরি, যেকোনো ছোট জয়েও উদযাপন করা যায়।ৃআমি এখানে কয়েকদিন থাকব। চিন্তা করবেন না, আমি ছুটির মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি।”
শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় গত সেপ্টেম্বরের শুরুতে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে হাসপাতালে নেওয়া হয়েছিল পেলেকে। সেখানেই তার বৃহদান্তে টিউমার ধরা পড়ে এবং অস্ত্রোপচার করে তা অপসারণ করা হয়।
তখন হাসপাতাল কর্তৃপক্ষ বলেছিল, তার ‘কেমোথেরাপি’ চলবে। প্রায় এক মাস হাসপাতালে থাকার পর অক্টোবরের শুরুতে বাড়ি ফেরেন তিনি। ব্রাজিলের হয়ে ১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ বিশ্বকাপ জেতা পেলে ৯২ ম্যাচে ৭৭ গোলে এখনও দেশটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।
