আলো ডেস্ক: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য আন্দোলনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও শেখ হাসিনার পতন একসঙ্গে হবে।
কারণ আওয়ামী লীগের এই অবৈধ সরকারের কাছে আন্দোলন ছাড়া কোনো ন্যায়সঙ্গগত দাবি আদায় করা সম্ভব নয়। গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ইতিহাসের পাতায় আওয়ামী লীগ সব সময় নিজেদের স্বৈরাচারী হিসেবে নাম লিখিয়েছে।
অতএব তাদের কাছে কখনও ভালো কিছু আসা করা যায় না। আওয়ামী লীগ জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। তারা জনগণের অধিকার কখনও প্রতিষ্ঠিত করতে পারেনি।
তিনি বলেন, আমরা লজ্জিত একজন প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যেভাবে গণমাধ্যমের সামনে বক্তব্য দিয়েছেন তাতে বোঝা যায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।
সরকার খালেদা জিয়ার অধিকারের ওপর হস্তক্ষেপ করছে। খালেদা জিয়ার কিছু হলে এ সরকারকে তার জবাব দিতে হবে। তিনি খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, অগণতান্ত্রিক সরকারের কাছে কোনো দাবি আদায় করা যাবে না। দেশনেত্রী খালেদা জিয়াকে বাঁচাতে হলে আমাদের এখনই রাস্তায় নামতে হবে এবং আন্দোলনের কোনো বিকল্প নেই।
জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশনের মহাসচিব হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা আক্তার মায়া, এশিয়া মানবাধিকার সংস্থার মহাসচিব নজরুল ইসলাম বাবলু, শাহবাগ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম চন্দন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের ভাইস চেয়ারম্যান এম কাদির নোমান ও মো. জহিরুল ইসলাম।
