আলো ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করার আবেদন পাননি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের বিষয়ে এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, বেগম খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন করার আবেদন কিন্তু আমার কাছে আসেনি।
যদি করে থাকেন অন্য কোথাও করেছেন। ওনার পাসপোর্ট ওনার কাছে আছে কি নেই আমি জানি না। আমি জানি পাসপোর্ট নবায়নের কোনো আবেদন আমাদের মন্ত্রণালয়ে আসেনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রতিহিংসার কথাটা কীভাবে এলো জেলে থাকার সময়ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে খালেদা জিয়ার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।
আরও ভালো চিকিৎসার জন্য সাজা স্থগিত করে বাসায় চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। প্রতিহিংসার প্রশ্নেই আসে না। আইনমন্ত্রী সংসদে আইনের ব্যাখ্যা দিয়ে বলেছেন, ৪০১ ধারায় যে ব্যবস্থা করা হয়েছে, যদি আবার ৪০১ ধারা প্রয়োগ করতে হয় তাকে আবার এটি স্থগিত করে জেলখানায় গিয়ে সেখান থেকে আবেদন করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে যে আবেদন এসেছে সেটি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আইনমন্ত্রী পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী অ্যাকশনের জন্য যা করণীয় তিনিই করবেন। আইন মন্ত্রণালয় আমাদের আর কিছু জানায়নি। মানবিকতা দেখানোর আর কোনো সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানিটি।
কোকো যখন মারা গেল, ডেডবডি যখন এলো প্রধানমন্ত্রীর অনেক যন্ত্রণা ছিল, তারপরেও কিন্তু তিনি তাকে দেখার জন্য গিয়েছেন, সমবেদনা জানানোর জন্য গিয়েছেন, কিন্তু গেটটি পর্যন্ত খোলা হয়নি। সেই দৃশ্য তো নিশ্চয়ই আপনাদের মনে আছে। মানবতার প্রশ্নে যদি প্রশ্ন আসে আমি মনে করি সারাবিশ্ব থেকে যে প্রসঙ্গটি এসেছে মাদার অব হিউম্যানিটি, আমি মনে করি তিনি মাদার অব হিউম্যানিটি।
কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা মেডিকেল বোর্ড জানে, চিকিৎসকেরা জানেন। চিকিৎসকরা আদালতে এবং চিকিৎসকরা জানেন কি করতে হবে না করতে হবে, তাদের কাছে সে রকম প্রস্তাব এলে আদালত যদি আমাদেরকে ওই রকম কিছু নির্দেশনা দেয়, তাহলে আমরা সেটা করতে পারবো। আদালতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।
বিএনপির আন্দোলনের হুমকি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, তারা একটা রাজনৈতিক দল তারা আন্দোলন করতে পারে, প্রতিবাদ করতে পারে, দোয়া মাহফিল করতে পারে, মানববন্ধন করতে পারে। পাশাপাশি সহিংস কোনো ঘটনা যদি ঘটায় সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবে। মানববন্ধন, দোয়া মাহফিল, প্রতিবাদ তো তারা করছেই।
কারো জানমাল ধ্বংস করা, অগ্নিসংযোগ করা, রাস্তাঘাট বন্ধ করে দিলে আইনশৃঙ্খলা বাহিনীর যা করণীয় তা করবে। খালেদা জিয়াকে বিদেশ যেতে না দিলে সরকারকে টেনে নামানোর হুমকি দিয়েছে বিএনপি। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ রকম অনেক অবান্তর কথা অনেকে বলে। অনেক দল অনেক কথা বলে, সেগুলো রাজনৈতিক কথা। আমার মনে হয় চিন্তা করার কোনো বিষয় না।
মুরাদ বিদেশে যাবেন না দেশে থাকবেন, সেটা তার ব্যাপার: নারীবিদ্বেষী অসৌজন্যমূলক বক্তব্য ও ফোনালাপে অশালীন কথোপকথন ফাঁস হওয়ার পর প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। এরপর তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে খবর ছড়িয়ে পড়ে। মুরাদ হাসান বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমার জানা নেই।
উনি (ডা. মুরাদ) বিদেশে যাবেন না দেশে থাকবেন, এটা ওঁর ব্যাপার। এ ব্যাপারে আমাদের কিছু বলার নেই। সম্প্রতি তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে একটি অনলাইন সাক্ষাৎকারে অসৌজন্যমূলক কথা বলেন।
এরপরই প্রতিমন্ত্রী মুরাদের একটি কথোপকথন ফাঁস হয়, যেখানে তিনি অশ্লীল ভাষায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে কথা বলেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিভিন্ন মহলে ডা. মুরাদের শাস্তির দাবি ওঠে। এরপর সোমবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, ‘সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে এবং তিনি তাকে আগামীকালের মধ্যে পদত্যাগ করতে বলেছেন।
আমি আজ রাত ৮টায় তাকে বার্তাটি পৌঁছে দিই।’ পরদিন মঙ্গলবার বিকেল ৩টায় প্রতিমন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন মুরাদ হাসানের পক্ষে মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মুরাদ হাসানের পদত্যাগপত্র গ্রহণ করার পর ওই দিনই রাতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে জেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কারের সুপারিশ পাওয়া ডা. মুরাদ হাসান দেশত্যাগের চেষ্টা করছেন বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে কানাডা যেতে বিমানের একটি টিকিট সংগ্রহ করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
