আলো স্পোর্টস : এবারই প্রথম ২টি দিবা-রাত্রির টেস্ট একই সিরিজে
নতুন এক ঘটনার জন্ম দিতে যাচ্ছে চলতি অ্যাশেজ সিরিজ। এই প্রথম একটি সিরিজের দুটি টেস্ট ম্যাচ হবে দিবা-রাত্রির। বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিক হকলি।
যদিও কোথায় সেই টেস্ট ম্যাচ হবে তা এখনও জানা যায়নি। যেখানেই হোক না কেন, সেটি গোলাপি বলেই খেলা হবে। বৃহস্পতিবার হকলি এক রেডিও চ্যানেলে বলেছেন, ‘অনেকেই টেস্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।
বিস্তারিত এখনই কিছু আমরা জানাতে পারছি না। তবে খুব শীঘ্রই এ ব্যাপারে সরকারি ঘোষণা করা হবে। প্রত্যেক স্টেডিয়ামকেই আমি সমান সুযোগ দিতে চেয়েছি।
এ বার আমার প্রস্তাব জানাব বোর্ডকে।’ করোনা সংক্রান্ত বিধিনিষেধের কারণে পঞ্চম টেস্ট পার্থ থেকে সরানো হয়েছে। মেলবোর্ন, ক্যানবেরা এবং সিডনি এই টেস্ট আয়োজনের দৌড়ে এগিয়ে আছে।
এর মধ্যে ক্যানবেরা বাদে বাকি দুটি জায়গাতেই সিরিজের একটি করে টেস্ট ম্যাচ হবে। গত কয়েক মাস ধরেই পশ্চিম অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া। কিন্তু দীর্ঘদিনের আলোচনার পরেও সমাধান হয়নি।
