রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে এবং অন্যজন করোনা নেগেটিভ হয়ে।
গতকাল বুধবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মারা যাননি। তবে করোনার উপসর্গ নিয়ে রাজশাহী জেলার একজন মারা গেছেন। আর করোনা নেগেটিভ সত্ত্বেও মারা গেছেন পাবনা জেলার একজন।
এই একদিনে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। এদের দু’জনই পুরুষ এবং প্রত্যেকের বয়স ৬০ বছরের উপরে।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে বুধবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৩২ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ৩১ জন। বর্তমানে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৬ জন, নাটোরের ৩ জন, পাবনার একজন এবং ঢাকার একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১০ জন। করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ১০ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৬ জন। এই একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ জন রোগী।
এদিকে মঙ্গলবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৫ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৭ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়ে হয়েছে ২৭৩ জনের। এর মধ্যে করোনা ধরা পড়েছে দুইজনের। এই দুইজনই রাজশাহী জেলার বাসিন্দা। জেলায় করোনা শনাক্তের হার ২ দশমিক ৬৭ শতাংশ।
