আলো ডেস্ক: শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ করা হবে।
বিএনপির উদ্যোগে সকাল ৯টায় মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হবে। দিবসটি উপলক্ষে আগামী ১৫ ডিসেম্বর দুুপুর ২টার দিকে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
বিজয় দিবস: মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর ভোরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বিএনপির উদ্যোগে পুস্পার্ঘ অর্পণ করার জন্য সকাল সাড়ে ৭টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশেঢাকা থেকে রওয়ানা দেবেন দলের নেতাকর্মীরা।
দলের পক্ষ জাতীয় স্মৃতিসৌধে মহান শহীদদের শ্রদ্ধা জানাবেন বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা। ওইদিনই জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে। সেখানে বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে আগামী ১৭ ডিসেম্বর সকাল ১১টায় বিএনপির উদ্যোগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামী ১৯ ডিসেম্বর দুপুর ২টায় মহানগর নাট্যমঞ্চে বিএনপির উদ্যোগে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করবে।
