রাজশাহীর আলোঃ- স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যকারী রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর তিনদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।
গতকাল সোমবার দুপুর ১টার দিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শংকর কুমার রিমান্ড শুনানি শেষে তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সকাল পোনে ১টার দিকে আব্বাসকে নিয়ে নিয়ে পুলিশের একটি দল আদালত চত্বরে পৌঁছায়।
এরপর তাকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। আবেদনের পক্ষে শুনানি করেন মেট্রোপলিটন আদালত ২ এর পিপি এ্যাড. মোসাব্বির ইসলাম। এদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে মেয়র আব্বাসের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এ বিষয়ে মেট্রোপলিটন আদালতের পিপি এ্যাড. মোসাব্বির ইসলাম জানান, উভয় পক্ষের শুনানি শেষে আদালত মেয়র আব্বাসের তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন। এছাড়াও এ ঘটনার সাথে আর অন্য কেউ জড়িত আছে কিনা সেই বিষয়টি মামলার তদন্ত অফিসারকে তদন্তের নির্দেশনা দিয়েছেন।
অপরদিকে, আব্বাসকে আদালতে তোলাকে কেন্দ্র করে জোরদার করা হয় আদালত এলাকার নিরাপত্তা।এসময় আদালত চত্বরে প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তৎপর দেখা যায় পুলিশ সদস্যদের।
এর আগে ১ ডিসেম্বর রাজধানীর ঈশা খাঁ হোটেল থেকে র্যাব সদস্যরা পৌর মেয়র আব্বাসকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার করে। পরে গত ২ ডিসেম্বর র্যাবের পক্ষ থেকে রাজশাহী মহানগর বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে পৌর মেয়র আব্বাসকে হস্তান্তর করা হয়।
উল্লেখ্য,
রাজশাহীর সিটি গেটে জাতির পিতার ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মেয়র আব্বাস আলীর বিরুদ্ধে তিন থানায় তিনটি এজাহার জমা হলেও একটি মামলা হিসেবে গণ্য হয়।
অন্যদিকে জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক পদ থেকে আব্বাস আলীকে অব্যাহতি দেয় স্থানীয় আওয়ামী লীগ। মেয়র পদেও আব্বাস আলীর প্রতি অনাস্থা জানান পৌরসভার সব কাউন্সিলর।
