আলো বিদেশ ডেস্ক: ‘আমি তালেবানকে ভাই হিসেবে দেখি, : হামিদ কারজাই
আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানকে ভাই বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, দেশটির নতুন শাসক গোষ্ঠীর সঙ্গে তার ফলপ্রসু বৈঠক হয়েছে এবং দেশের বিরোধপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন তিনি। ওই সাক্ষাৎকারে হামিদ কারজাই বলেন, ‘আমি তালেবানকে ভাই হিসেবে দেখি, অন্য সব আফগানকেও ভাই হিসেবে দেখি।’
প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সময়েও তালেবানকে ভাই হিসেবে দেখেছেন বলে জানিয়ে হামিদ কারজাই বলেন, তখনও যে উদ্দেশে থাকত, এখনো সেই উদ্দেশ্য নিয়েই তাদের ভাই বলে সম্বোধন করেছেন তিনি।
তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান ছেড়ে যাওয়া সকলকে ফেরার আহ্বান জানিয়ে হামিদ কারজাই বলেন, এটা আমাদের দেশ, আমরা এই মাটির সন্তান, সেকারণে এই মাটি ছেড়ে যাওয়া উচিত হবে না আমাদের।
আমাদের এখানে থাকা উচিত আর এটাকে আরও ভালো করা দরকার। যারা দেশ ছেড়ে চলে গেছেন, তাদের সকলকে আমি আহ্বান জানাই, দেশে ফিরে আসুন, একে গড়ে তুলুন।
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তান পুনর্গঠনে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনে রাজনৈতিক প্রক্রিয়া শুরুর প্রয়োজনীয়তার ওপর জোর দেন কারজাই। তিনি বলেন, এটা আপনাদের দেশ…চলুন একসঙ্গে একে গড়ে তুলি, একসঙ্গে কাজ করি… আমি তাদের(তালেবান) সঙ্গে বৈঠক করেছি আর বহু ইস্যুতে মত বিনিময় করেছি।’
আফগানিস্তান মেয়ে ও নারীরা স্কুল ও কাজে ফিরতে পারবে কিনা জানতে চাইলে হামিদ কারজাই বলেন, এটা নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে আর তালেবানও তাদের বাইরে বের হতে দিতে একমত।
উল্লেখ্য, ২০০১ সালে মার্কিন জোটের হামলায় তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর আফগানিস্তানের প্রেসিডেন্ট হন হামিদ কারজাই। ২০১৪ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন তিনি। এ সময় তার সরকারকে উৎখাত করতে সচেষ্ট ছিল তালেবান।
