চট্টগ্রাম টেস্ট দলে শহীদুল-খালেদ
এফএনএস স্পোর্টস: শুক্রবার শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সেই টেস্টের দল এরইমধ্যে বিসিবি ঘোষণা করেছে। কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন করে দুই পেসারকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সুযোগ পাওয়া দুই ক্রিকেটার হচ্ছেন- খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম। এদের মধ্যে পেসার শহীদুলের পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে।
এক সপ্তাহের ব্যবধানে এবার টেস্ট অভিষেকর অপেক্ষায় এই পেসার! যদিও টেস্ট দলের অনুশীলন শুরুর আগে থেকেই খালেদ আহমেদ চট্টগ্রামে অনুশীলন করে আসছিলেন।
অন্যদিকে গত মঙ্গলবার থেকে দলের সঙ্গে অনুশীলন করছেন শহীদুল। গত সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রথম টেস্টের জন্য ১৬ জনের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে সাকিব থাকলেও শেষ পর্যন্ত ফিটনেসের অবস্থা ভালো না থাকায় চট্টগ্রামে তার খেলা হচ্ছে না।
ফলে সাকিবকে বাদ দিয়েই চট্টগ্রামে প্রস্তুতি চলছিল। সুযোগ পাওয়া দুই ক্রিকেটারের মধ্যে খালেদ আহমেদের দুটি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে। ২০১৮ সালে টেস্ট অভিষেক হলেও ইনজুরির কারণে বেশ কয়েকমাস দলের বাইরে ছিলেন। অন্যদিকে টেস্ট দলে প্রথমবার সুযোগ পেয়েছেন শহীদুল ইসলাম। তরুণ এই পেসার ৩৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।
নতুন করে দুই পেসারদের দলে সুযোগ দেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদের পেসারদের কিছু ইনজুরির সমস্যা আছে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এই টেস্টের দলে নেই। তাদের বিকল্প দরকার ছিল। খালেদ ও শহীদুল ফিট ও প্রস্তুত আছে।’
চট্টগ্রাম টেস্টে হুট করে সুযোগ পাওয়া ক্রিকেটারদের একাদশে থাকার সুযোগ আছে কিনা এমন প্রশ্নেহাবিবুল বাশার বলেছেন, ‘এখনই বলা যাচ্ছে না। তবে বাড়তি পেসার খেলানোর মতো হলে এখান থেকে পিক করার সুযোগতো অবশ্যই আছে। তারা যোগ্য বলেই তাদের নেওয়া হয়েছে।’
প্রথম টেস্টের স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ ও শহীদুল ইসলাম।
