মাহাবুর রহমান বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘা উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বাঘা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু সাইদ চাঁদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি কর্মকর্তা জনাব শফিউল্লাহ সুলতান এবং সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাট দেশের অন্যতম অর্থকরী ফসল। কৃষকদের মাঝে উন্নত মানের বীজ ও সার বিতরণের মাধ্যমে পাটের আবাদ বৃদ্ধি পাবে এবং উৎপাদনেও ইতিবাচক প্রভাব পড়বে। এ ধরনের উদ্যোগ কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশা প্রকাশ করেন।
