স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুর উপজেলার হরিপুরে ২০২৫-২৬ অর্থবছরের মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক প্রযুক্তিতে উদ্বুদ্ধ করতে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দুর্গাপুরের আয়োজনে মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি অফিসার ফিরোজ আহম্মেদের সঞ্চালনায় এবং উপজেলা কৃষি অফিসার শাহানা পারভীন লাবনীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন ও উপসহকারী কৃষি অফিসার বিমল চন্দ্র প্রামাণিক।
অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক কৃষক-কৃষাণী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রদর্শনী প্লটে উন্নত জাতের পেঁয়াজের আধুনিক চাষাবাদ পদ্ধতি সরেজমিনে দেখানো হয়। পাশাপাশি রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ এবং সঠিক পরিচর্যার কৌশল হাতে-কলমে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার শাহানা পারভীন লাবনী বলেন, মসলার উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পারলে উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এতে একদিকে যেমন আমদানি নির্ভরতা কমবে, অন্যদিকে কৃষকের আয়ও বাড়বে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আনোয়ার হোসেন জানান, মাঠ দিবসের মতো কার্যক্রম কৃষকদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন প্রযুক্তি গ্রহণে আগ্রহ সৃষ্টির মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে এটি ইতিবাচক প্রভাব ফেলে। ভবিষ্যতেও মসলার উৎপাদন বৃদ্ধিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শপত্র ও তথ্যবহুল লিফলেট বিতরণ করা হয়।
