আলো ডেস্ক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পানিতে ডুবে এক শিশু নিহত হয়েছে। ঘটনার সময় শিশুটির মা ভোটকেন্দ্রে ছিলেন বলে জানান স্বজনরা। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খোরদ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান আলমডাঙ্গা থানার ওসি বানী ইসরাইল। নিহত তিন বছর বয়সি হাসান উপজেলার হারদী ইউনিয়নের শেখপাড়া গ্রামের ইসরাইল হোসেনের ছেলে। স্বজনরা জানান, ইসরাইলের স্ত্রী জমজ দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে যান। সকালে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তিনিও ভোট দিতে কেন্দ্রে যান। তবে জমজ শিশু হাসান ও হুসাইনকে বাড়িতে রেখে যান। ভোট দিয়ে ফিরে হুসাইনকে ঘরে পাওয়া গেলেও হাসানকে দেখতে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন মা। পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি বানী ইসরাইল বলেন, সবার অগোচরে বাড়ির পাশে ডোবায় পড়ে শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
