ঢাকায় ইনকিলাব মঞ্চের ওপর হামলার প্রতিবাদ: উত্তাল রাজশাহী, তালাইমারীতে সড়ক অবরোধ
ঢাকায় ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে নগরীর তালাইমারী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।
রাত ৮টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা তালাইমারী মোড়ে সড়কের ওপর অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এসময় তারা সড়কের মাঝখানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। এতে করে ওই গুরুত্বপূর্ণ সড়কটিতে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করছে।
কেন এই বিক্ষোভ?
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, জাতিসংঘভুক্ত শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে ঢাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু পুলিশ বিনা উসকানিতে সেখানে হামলা চালিয়েছে। তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে দায়ী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শহীদ হাদি হত্যার আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী তদন্ত দাবি করেন।
এর আগে, একই দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেন রাকসু নেতৃবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আজ শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে শহীদ ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে অবস্থান কর্মসূচি পালন করছিল ইনকিলাব মঞ্চ। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পুলিশ সেখানে বাধা দিলে উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে লাঠিচার্জ করা হয়। এতে ইনকিলাব মঞ্চের সমন্বয়ক জাবের এবং রাকসু জিএস সালাহউদ্দিন আম্মারসহ বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
নাসিম সাদিক, নিজস্ব প্রতিবেদক রাজশাহী I
