স্টাফ রিপোর্টার
রাজশাহীর দুর্গাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীকে বিএনপিতে আশ্রয় দেওয়া ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় আহত হয়েছেন ৩ জন।
সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চৌপুকুরিয়া গ্রামের শাহেদ আলী (২৯) রেজাউল ইসলাম (৪৫) ও তার ছেলে ইমন (২০)। ঘটনাকে কেন্দ্র করে দু-পক্ষই একে অপরকে দোষারোপ করছে।
এদিকে, রেজাউল স্থানীয় আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন বিএনপি কর্মী বাক্কার। অপর দিকে আহত বিএনপি কর্মী রেজাউল অভিযোগ করে বলেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদীর নেতৃত্বে সাইদ এক দোকান মালিকের কাছে চাঁদা দাবি করেন। এমন অভিযোগকে কেন্দ্র করে বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয়পক্ষের মধ্যে বাকবিতÐা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় ওয়াজের মোড়ে সন্ধ্যার পর হাতুড়ি ও দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক-করিমসহ ১০/১৫ জন ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইমন ও শাহেদ গুরুতর আহত হন। পরে ছেলেকে বাঁচাতে ছুটে আসলে রেজাউল ইসলামকেও বেধরক মারধর করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। তবে উভয় পক্ষ স্থানীয় এক বিএনপি নেতার অনুসারী বলে জানা গেছে।
এব্যাপারে দুর্গাপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
