স্টাফ রিপোর্টার
রাজশাহী মহানগরীতে দ্রতগামী ট্রাকের ধাক্কায় মো. সাদ (১০) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে নগরীর লিলি হল মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাদের বাবার নাম লিয়াকত আলী লিটন। তিনি লালমনিরহাট জেলার বাসিন্দা হলেও রাজশাহীতে ভাড়া থেকে পরিবারসহ বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটি শেষে দুই ছেলেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন লিটন। লিলি হল মোড়ের কাছে পৌঁছালে দ্রæতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সাদ ঘটনাস্থলেই মারা যায়। আহত হন তার বাবা লিটন ও ছোট ভাই।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তারা বলেন, “এ জায়গাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে নিয়মিত দুর্ঘটনা ঘটে। আমরা চাই এই মোড়ে ট্রাফিক পুলিশসহ একটি গোলচত্বর করা হোক। দাবি মানা না হলে সড়ক ছাড়ব না।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে আরএমপির কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি বলেন, “আমরা ঘটনাস্থলে গিয়ে সড়ক স্বাভাবিক করেছি। স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। দুর্ঘটনা বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
