স্টাফ রিপোর্টার
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহীর হড়গ্রাম মোল্লাপাড়া এলাকায় রাতের আঁধারে ৫ বিঘার একটি বিশাল পুকুর ভরাট করার সময় অভিযান চালিয়ে তা বন্ধ করেছে প্রশাসন।
ভরাটকৃত বালু নিলামে বিক্রির সিদ্ধান্তের পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের পর, ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার ড.এ এন এম বজলুর রশিদ ও জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আক্তার।
সরেজমিনে জানা যায়, স্থানীয় একটি প্রভাবশালী মহল দীর্ঘ দিন ধরে রাতের আঁধারে পুকুরটি ভরাট করছিল। তাদের উদ্দেশ্য ছিল পুকুর ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়া।
জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট দÐনীয় অপরাধ হলেও আইনকে তোয়াক্কা না করে এই অপতৎপরতা চালাচ্ছিল চক্রটি।
খবর পেয়ে মঙ্গলবার ২৫ নভেম্বর সকালে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন ও সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভরাটের কাজ বন্ধ করে দেয়।
অভিযানে সিদ্ধান্ত নেওয়া হয়, পুকুর ভরাটে ব্যবহৃত বালু বাজেয়াপ্ত করে সরকারিভাবে নিলামে বিক্রি করা হবে।
অভিযানের পর ঘটনাস্থল পরিদর্শন করে রাজশাহীর বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশিদ কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, “পরিবেশ বিনষ্টকারী যেকোনো তৎপরতা কঠোর হস্তে দমন করা হবে।
এ ব্যাপারে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে এবং কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা অব্যাহত থাকবে।”
পরিদর্শনকালে জেলা প্রশাসক আফিয়া আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক তাছমিনা খাতুন জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রæত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
