পুঠিয়া সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণীর ছাত্রী সামিহা খাতুন (১৪)কে অপহরণের ৩০ দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। তাই মঙ্গলবার দুপুর বারোটার দিকে তাকে উদ্ধারের জন্য পুঠিয়া উপজেলা পরিষদ চত্বরের সামনে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সামিহা খাতুন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে পুঠিয়া বাজার এলাকার মিজানুর রহমানের মেয়ে। প্রাইভেট পড়তে যাওয়ার সময় গত ২৫ অক্টোবর পূঠিয়া থানার ১০০ গজ দূর থেকে একটি মাইক্রোতে করে তাকে অপহরণ করা হয়। পরদিন সামিহার বাবা চারজনকে আসামি করে পুঠিয়া থানায় একটি মামলা করেন। মামলায় পুঠিয়ার মোল্লা পাড়ার শরিফুলের ছেলে হৃদয় (২২) কে প্রধান আসামি করা হয়।
মানববন্ধনে সামির বাবা মিজানুর রহমান বলেন, তার মেয়েকে অপহরণের একমাস হয়ে গেছে। আমরা আজও তাকে খুঁজে পাইনি। সে মরে গেছে না বেঁচে আছে তাও জানিনা। সামিয়ার মা মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়েছেন। বারবার পুলিশের দ্বারস্থ হচ্ছি কিন্তু পুলিশ কোন পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
পুঠিয়া থানার ওসি কবির হোসেন জানান, মানববন্ধন হয়েছে বিষয়টি শুনেছি সামিহা ও হৃদয়ের মধ্যে প্রেমের সম্পর্ক আছে বলে জানতে পেরেছি। তবে সামিহা অপ্রাপ্ত বয়স্ক হয় আমরা তাকে উদ্ধার ও মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি।
