স্টাফ রিপোর্টার
রাজশাহী মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবীর ও এমটি (ইপিআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির তদন্ত শুরু হয়েছে। করোনাকালীন সময় কর্মচারিদের ভাতা, পরিবহনের টাকা আত্মসাত, জাল সাক্ষর করে কর্তকর্তাদের টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের উচ্চপর্যায় থেকে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির প্রধান করা হয়েছে নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলামকে। এছাড়াও তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিতে রয়েছেন নওগাঁ স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য কর্মকর্তা ও মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য কর্মকর্তা।
জানা গেছে, তদন্তের জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুল কবীর ও এমটি (ইপিআই) আলমগীর হোসেনকে চিঠি দেয়া হয়েছে। আগামী ২৫নভেম্বর সরজমিন মোহনপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করে তদন্ত করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির প্রধান নওগাঁ সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। তিনি বলেন, এই দুই কর্মকর্তার বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ রয়েছে সেগুলো খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পেলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এরআগেও মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আরিফুল কবীর ও এমটি (ইপিআই) আলমগীর হোসেনের বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে রাজশাহী সিভিল সার্জন অফিস থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সেই তদন্ত আলোর মুখ দেখেনি। অভিযোগ রয়েছে, রাজশাহী সিভিল সার্জন তদন্ত কমিটি গঠন করার পর এই দুই কর্মকর্তা প্রভাব খাটিয়ে তদন্ত থামিয়ে দেন। পরে পুনরায় গত ৫ নভেম্বর এই দুই কর্মকর্তার অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য অধিদপ্তর তদন্ত কমিটি গঠন করেছে।
