
আলোচিত ওয়েব সিরিজ ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’-এর নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেছেন, তাঁর নতুন চলচ্চিত্র ‘দেলুপি’ শুধু একটি রাজনৈতিক ছবি নয়, বরং দেশ পুনর্গঠনের জন্য সবার ঐক্যবদ্ধ হওয়ার স্বপ্ন ও সংগ্রামের গল্প।
আজ সোমবার বিকেলে রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ‘মিট দ্য ফিল্ম মেকারস’ শীর্ষক এক সেমিনারে শিক্ষার্থীদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ (জেসিএমএস) বিভাগ এ আয়োজন করে।
সেমিনারের শুরুতে বিভাগের কো-অর্ডিনেটর মো. শাতিল সিরাজ বলেন, ‘শিক্ষার্থীদের তত্ত্বীয় জ্ঞানের পাশাপাশি ব্যবহারিক জ্ঞানের বিষয়টিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি। এ কারণেই গণযোগাযোগের বিভিন্ন ক্ষেত্রে যাঁরা সরাসরি কাজ করছেন, তাঁদের সঙ্গে শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমরা নিয়মিত এমন আয়োজন করি।’
অনুষ্ঠানে মোহাম্মদ তাওকীর ইসলাম ও তাঁর প্রযোজনা সংস্থা ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশনের কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে গল্প খোঁজা, চিত্রনাট্য তৈরি, নির্দেশনা, বিপণন ও প্রদর্শনের মতো নানা খুঁটিনাটি বিষয় নিয়ে অভিজ্ঞতা বিনিময় করেন।
