আলো ডেস্ক
রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলায় রাসেল মোল্লা (২৮) নিহতের ঘটনায় মামলা করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে নিহতের বাবা আজাদ মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি হত্যাসহ অগ্নিসংযোগ, লাশ পোড়ানো, চুরি, ক্ষতিসাধন, জখমের অভিযোগে মামলা করেন।
মামলায় ৩৫০০ থেকে ৪০০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে। মঙ্গলবার সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরিফ আল রাজিব।
নিহত রাসেল মোল্লা গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের আজাদ মোল্লার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার নুরাল পাগলার দরবারে প্রবেশ করেন তার ভক্ত রাসেল। শুক্রবার দরবারে হামলা ও ভাঙচুরের সময় নুরালের ভক্ত জেনে রাসেলের ওপর হামলা করা হয়। তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার ওপর হামলা করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হলে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে মৃত্যু হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজিব বলেন, গোয়ালন্দ থানায় নিহত রাসেল হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
