আলো ডেস্ক
শেরপুরের শ্রীবরদী উপজেলায় অসুস্থ স্ত্রীকে জীবিত কবর দেওয়ার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের খোশালপুর কানিপাড়া বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত স্বামীর নাম খলিলুর রহমান (৮০) এবং ভুক্তভোগীর স্ত্রী খোশেদা বেগম (৭০)।
খলিলুর রহমানের এমন কর্মকাণ্ড লোকজন দূর থেকে দেখলেও খোশেদা বেগমকে রক্ষায় কেউ এগিয়ে আসেনি।
জানা গেছে, খলিল-খোশেদা দম্পতির নাতি খোকন (১৯) ওই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করেন। পরে ওই ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
প্রতিবেশীরা জানান, সবার সঙ্গে হাসিখুশিভাবে চলাফেরা করেন খলিল। কারও সঙ্গে কখনোই ঝামেলায় জড়ান না। তার স্ত্রীর অসুস্থতার পর থেকে মন খারাপ। দীর্ঘদিন ধরে পারিবারিক যন্ত্রণা সহ্য করায় এমনটি ঘটিয়েছেন। বিষয়টি ভিডিও করে তারই নাতি ফেসবুকে প্রকাশ করেছে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, ‘ভিডিওচিত্র দেখার সঙ্গে সঙ্গেই পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি স্থানীয় নেতাদের মাধ্যমে সামাজিকভাবে সমাধান হয়েছে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাটির বিষয়ে বলেন, ‘ভিডিওটি দেখেছি। বিষয়টি সত্যিই মর্মান্তিক। এ বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
