স্টাফ রিপোর্টার
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে করোনা সংক্রমণে কোনো রোগী মৃত্যু তথ্য নেই। তবে করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) এবং ৩ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।
২৪০ শয্যার করোনা ইউনিটে গতকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি আছেন ৮৫ জন। তাদের মধ্যে রাজশাহীর ৪৫ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৫ জন, নাটোরের তিনজন, নওগাঁর নয়জন, পাবনার ১০ জন, কুষ্টিয়ার একজন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৯ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন। গেল ২৪ ঘণ্টায় হাসপাতাল ছেড়েছেন ২১ জন। এর আগে বৃহস্পতিবার রামেক হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১২ জনে।
একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৬৫ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ৫ দশমিক ৬ শতাংশ এবং নাটোরের ২ দশমিক ৭৫ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।
