আলো ডেস্ক
সরকারের কাজের সমালোচনার পাশাপাশি ভালো দিকগুলোও আন্তরিকভাবে মূল্যায়নের আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, সরকারের ভুল থাকতে পারে, সমালোচনা হতেই পারে তবে শুধুই নেতিবাচক দিক দেখলে চলবে না, ভালো দিকগুলোও দেখা উচিত।
সোমবার (৪ আগস্ট) সকালে জাতীয় রাজস্ব ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুযায়ী আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গৃহীত কার্যক্রম নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এতে সভাপতিত্ব করেন।
ড. সালেহউদ্দিন বলেন, আমার পরিচিত অনেক জুনিয়র অর্থনীতিবিদ রয়েছেন, যারা শুধু সরকারের ভুল খোঁজেন। তারা বলেন, এটা নেই, ওটা নেই। কিন্তু সরকারের অনেক ভালো উদ্যোগও রয়েছে; যা তারা দেখতে চান না। এ মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে।
এনবিআরের কাজের প্রশংসা করে অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব বোর্ডের একটি সুনাম আছে, সেটি ধরে রাখা জরুরি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি দৌলত আক্তার মালা। এছাড়া এনবিআরের সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) বদিউল আলম চৌধুরী, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
