আলো ডেস্ক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে। বাংলাদেশের ইতিহাসে অতীতে এমন কোনও চুক্তি বাংলাদেশের সঙ্গে ছিল না।
শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, আমরা রিইন্ট্রিগেশনে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা প্রক্রিয়া কিছুটা সহজ করেছি মন্ত্রণালয়ে যাতে আপনাদের ভোগান্তি ও হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি, আপনারা নতুন করে বিদেশে গেলে এই সুবিধা বুঝতে পারবেন।
প্রবাসীদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, প্রবাসী ভাই-বোনরা যারা ফিরে এসেছেন, আপনারা হয়তো আবার যাবেন। কয়েকটা কথা আপনাদের বলি অন্যভাবে নিয়েন না। আপনারা বাইরে যাওয়ার আগে নিজেরা যথেষ্ট প্রস্তুতি নিবেন। আপনাদের কী কোনও প্রতারক ঠগবাজ পাঠাচ্ছে, এটা একটু ভালো করে খোঁজ-খবর নেবেন। বিদেশ যেতে এতো মরিয়া হয়ে যাবেন না যে খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন হয় না। বিদেশ মানেই বেহেশত মনে করবেন না। এই সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের জীবনযাত্রা দেখেছি, সৌদিআরবে আমি এমন অবস্থা দেখেছি , বাংলাদেশের খারাপ বস্তিতেও মানুষ এর চেয়ে ভালো থাকে। এত খারাপ জীবন ৮ থেকে ৯ লাখ টাকা খরচ করে যাওয়ার পরও। কাজেই ভালোমতো খোঁজ খবর নিয়ে যান। আপনার কাছে যদি ১০ লাখ টাকা থাকে বিদেশ যাওয়ার জন্য, এই টাকা দিয়ে অনেক ব্যবসা দেশে করা যায়।
আইন উপদেষ্টা বলেন, এদেশে ১৮ কোটি মানুষ, কত ভোক্তা! ছোট্ট একটা দোকান দিয়ে বসলে কত লাভ হয়। আমি আপনাদের নিরুৎসাহিত করছি না, মরিয়া হয়ে বিদেশ যাবেন না। ১০-১৫ লাখ টাকা খরচ করে অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে লাফ দিলেন, অনুগ্রহ করে এমন করবেন না। এই টাকা থাকলে আপনি অসহায় না, দেশে ছোট একটা ব্যবসা করেন। দ্বিতীয়ত যারা বিদেশ যাচ্ছেন, তাদের মধ্যে ৯৯ শতাংশই ভালো মানুষ, ঠিকমতো কাজ করেন। বাকি এক শতাংশ সেখানে অনেক ধরনের ঘটনার জন্ম দেয়। যার জন্য ৯৯ শতাংশের অনেক কষ্ট হয়। সে দেশগুলোতে লোক পাঠাতে আমাদের আরও কষ্ট হয়।
