ইফতেখার আলম বিশাল
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (পিএলসি)-এর পরিচালক ও উপসচিব মো. সাইফুর রহমানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব পদে বদলি করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আগামী ৪ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ওই দিন বিকেল থেকেই বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (ৎবষবধংব) হিসেবে গণ্য হবেন তিনি।
প্রসঙ্গত, গত ২৩ মে ২০২৪ তারিখে মো. সাইফুর রহমান নেসকো পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন।
অন্যদিকে, একই প্রজ্ঞাপনে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহকে নির্বাহী পরিচালক পদে ন্যস্ত করা হয়েছে।
তিনি ২০২১ সালের ২ জুলাই আরডিএতে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে যোগদান করেন। এর আগে তিনি প্রেষণে রাজশাহী সিটি করপোরেশনে সচিব পদে দেড় বছর দায়িত্ব পালন করেন।
প্রশাসনিক রদবদলের ধারাবাহিকতায় তাঁকে নতুন এই দায়িত্বে পদায়ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই পদায়ন প্রশাসনিক কাঠামোয় আরও গতি ও সমন্বয় আনবে।
এই বদলি ও পদায়নকে ঘিরে নেসকো এবং আরডিএ উভয় প্রতিষ্ঠানের ভেতরে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
