আলো ডেস্ক
উত্তরার বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান গতকাল (সোমবার) বিধ্বস্ত হয়ে হতাহতের মর্মান্তিক ঘটনা ঘটে। এই ট্র্যাজেডিকে ঘিরে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে মঙ্গলবার (২২ জুলাই) ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ১৭তম দিনের আলোচনা শুরুর আগে একটি শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাবটি পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।
এতে বলা হয়, সোমবার (২১ জুলাই) বাংলাদেশের বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছি। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিশুসহ সবার আত্মার মাগফেরাত কামনা করছি। দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিমান দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া, আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা বিধান করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। শোক প্রস্তাবটিতে বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধানে যথাযথ তদন্ত এবং এই ধরনের দুর্ঘটনা পুনরাবৃত্তি রোধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি দাবি জানানো হয়।
এসময় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করে ঐকমত্য কমিশনের গতকালের বিকালের অধিবেশনও মুলতবি করা হয়েছিল।
