রাজশাহীতে বন্ধুদের সঙ্গে পুকুরে নেমে নিখোঁজ, পরে উদ্ধার হলো মৃতদেহ
স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীতে পুকুরে গোসলে নেমে ডুবে শাহনেওয়াজ শাহরিয়া সূর্য (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) দুপুরে নগরীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পশ্চিম পাশে, পুলিশ অফিসারস ম্যাচের উত্তরে অবস্থিত বড় পুকুরে এ ঘটনা ঘটে।
নিহত সূর্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর ছোট বটতলা এলাকার বাসিন্দা ইসাহাক আলীর ছেলে। সে শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, দুপুর আনুমানিক ১টার দিকে সূর্য তার তিন বন্ধুর সঙ্গে পুকুরে গোসলে নামে। তবে সূর্য সাঁতার জানতো না।
কিছুক্ষণ পরেই হঠাৎ পানির নিচে তলিয়ে যায় সে। একই সময়ে তার এক বন্ধু রোহান আলীও ডুবে যেতে শুরু করলে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। কিন্তু সূর্য পানির নিচে নিখোঁজ ছিল প্রায় আধাঘণ্টা।
খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। অবশেষে তাকে পুকুর থেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
