আলো ডেস্ক:
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পদযাত্রায় দফায় দফায় হামলার ঘটনার প্রতিবাদে সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল বুধবার বিকালে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেওয়া হয়। ফেসবুক পোস্টে জানায়, গোপালগঞ্জে জুলাইয়ের নেতাদের হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে। পরে, দলীয় নেতাকর্মী ও সাধারণ ছাত্র-জনতাকে সারা দেশে ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
গতকাল বুধবার নাহিদের বরাতে এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বিকালে এক ফেসবুক পোস্টে সারজিস লিখেন, ‘ব্লকেড সরিয়ে নিন। রাজপথের একপাশে অবস্থান করুন।
লড়াই চলবে। -নাহিদ।’ জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী আরেক ফেসবুক পোস্টে লিখেন, ‘ব্লকেড উঠিয়ে নিন। রাজপথে অবস্থান নিন।’
