এবার রাজশাহী বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে শতভাগ ফেল নেই
তথ্যবিবরণী
এবছর শূন্য পাশের হার নেই রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন কোনো বিদ্যালয়ে। আজ (১০ জুলাই) প্রকাশিত এসএসসি’র ফলাফলে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট বোর্ডটি।
বোর্ডের তথ্য অনুসারে, ২০২৫ সালে এ বোর্ডের আওতায় ২ হাজার ৬৯০টি বিদ্যালয়ের ১ লক্ষ ৮০ হাজার ৩১০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষায় ছাত্র উপস্থিত ছিল ৯৪ হাজার ২৬৯ জন এবং ছাত্রী উপস্থিত ছিল ৮৬ হাজার ৫১ জন। ২ হাজার ৪৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিল। এই বোর্ডের অধীন ২২ হাজার ৩২৭ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।
এবার বোর্ডের গড় পাশের হার ৭৭ দশমিক ৬৩ শতাংশ। ছাত্রদের পাশের হার ৭৩ দশমিক ৬৪ শতাংশ এবং ছাত্রীদের ক্ষেত্রে এ হার ৮২ দশমিক ১ শতাংশ।
রাজশাহী বোর্ডের অধীন ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি পাশ করেছে বগুড়া জেলায়। সেখানে পাশের হার ৮০ দশমিক ১৩ শতাংশ।
৬৭ দশমিক ৫৬ শতাংশ পাশ নিয়ে সবচেয়ে পিছিয়ে আছে সিরাজগঞ্জ জেলা।
