আলো ডেস্ক
শেখ হাসিনাকে ‘বাংলার ইয়াজিদ’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। রবিবার (৬ জুলাই) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘‘বাংলার ইয়াজিদ হাসিনার গুম, খুন ও ক্রসফায়ারে কত নারীর জীবনে নেমে এসেছে অকাল বৈধব্য! এসব ঘটনা যদি একত্র করা হয়, তাহলে মহাভারতের ‘স্ত্রীপর্ব’-ও ম্লান হয়ে যাবে।’’
তিনি আরও লেখেন, ইমাম হোসেন (রা.) ও তাঁর সহচরদের আত্মত্যাগ মানব ইতিহাসে সত্য, ন্যায়বিচার ও স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক। গাজা থেকে বাংলাদেশ—পৃথিবীর প্রতিটি জনপদে সাম্রাজ্যবাদ, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের সংগ্রামে কারবালার ইতিহাস আজও অশেষ অনুপ্রেরণা হয়ে আছে।
কারবালার নারীদের সংগ্রামের কথা স্মরণ করে সামান্তা বলেন, ‘উম্মে লাইলা, বারাব বিনতে ইমরুল কায়েস, হযরত জয়নাব (আ.)—তাঁদের আত্মত্যাগ বিশ্বের সমস্ত আত্মমর্যাদাশীল নারীদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। স্বামী, সন্তান কিংবা পিতার শাহাদাতও তাঁদের মনোবল ভাঙতে পারেনি। তাঁরা কারও কাছে নতি স্বীকার করেননি, ছিলেন দৃঢ় ও মর্যাদাশীল।’
