আলো ডেস্ক
বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘দীর্ঘ ১৬-১৭ বছর আন্দোলন-সংগ্রামের পর দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে অবাধ জাতীয় নির্বাচন দেখার প্রতীক্ষায়। একটি প্রজন্ম কখনও ভোটই দিতে পারেনি। দেশের মানুষ যখন একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে, তখন কোনও কোনও দল স্থানীয় সরকারের নির্বাচনের জন্য পাঁয়তারা করছে। এটি নিঃসন্দেহে জাতীয় সংসদ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত হিসেবে মনে করি।’
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর উত্তরায় বিজিএমইএ’র সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ মোহাম্মদ শাহজাহান আলী সুয়েজের নেতৃত্বে কয়েকজন রাজনৈতিক কর্মীর বাংলাদেশ এলডিপিতে যোগদান উপলক্ষে এসব কথা বলেন দলের চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
তিনি বলেন, ‘সংস্কার নিয়ে আলোচনা একটি পর্যায়ে এসেছে। রাজনৈতিক বাস্তবতা মেনে নিয়ে সব দলকে সংস্কারের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই। অন্যথায় ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা আবারও সুযোগ নিতে চাইবে। ইতোমধ্যে যেসব বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে, এর ভিত্তিতে অবিলম্বে জুলাই সনদ ও জুলাই ঘোষণা দেওয়ার আহ্বান জানাই।’
দেশের মানুষ ও গণতান্ত্রিক শক্তিগুলো কোনও অবস্থাতেই এই চক্রান্তে পা দেবে না, বলে মনে করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের এলডিপির মহাসচিব তমিজ উদ্দিন টিটো, অতিরিক্ত মহাসচিব এম এ বাশার।
