আলো ডেস্ক:
যশোরে ফুটবল খেলার সময় বজ্রপাতে মিশকাত রহমান সুলতান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ঘটনা ঘটে।
সুলতান কামারগন্যা গ্রামের রাসেল হোসেনের ছেলে। সে ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
সুলতানের মা সেলিনা বেগম জানান, স্কুল বন্ধ থাকায় সুলতানসহ তার ৪-৫ জন বন্ধু মিলে কামারগন্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে ফুটবল খেলছিল।
খেলার একপর্যায়ে বৃষ্টি ও বজ্রাঘাত হলে সুলতান আহত হয়। সে মাঠেই পড়ে ছিল। পরে স্থানীয় লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে যশোর জেনারেল হাসপাতালে আনে।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা আফসানা পরীক্ষা-নিরীক্ষা শেষে সুলতানকে মৃত ঘোষণা করেন। ডা. জোবাইদা জানিয়েছেন, বজ্রাঘাতে সুলতানের মৃত্যু হয়েছে।
